মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল-শিবির সংঘর্ষ
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেন, শিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হলের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
তিনি দাবি করেন, একজন ছাত্রদল কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম দাবি করেন, ছাত্রদলই রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে শিবিরকর্মীদের ওপর রামদা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে