Views Bangladesh Logo

ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ’ পার্টির

আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটির দাবি, পরিস্থিতির পরিবর্তন না হলে মঙ্গলবার (২৮ জুলাই) থেকে নতুন করে বিক্ষোভ শুরু করা হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিন ধরে চলা টানা প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছিল সিজিপি। তবে এখন আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও হয়রানি চলছে বলে অভিযোগ করছে সংগঠনটি।

সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা লঙ্ঘন করা হচ্ছে। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লিসহ বিভিন্ন রাজ্যে অনেক শিক্ষার্থীকে নজরদারি ও হয়রানির মুখে পড়তে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, দিল্লিতে আন্দোলনকারীদের সহযোগিতা করা স্বেচ্ছাসেবীদেরও আটকের ঘটনা ঘটছে।

সরকারের মধ্যস্থতাকারী মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে ট্যাগ করে দেওয়া পোস্টে আশুতোষ রাঙ্কা দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর (মামলা) অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন নতুন করে কোনো মামলা না করে—এ দাবিও জানান তিনি।

সিজিপির মুখপাত্র আরও বলেন, বৈঠকের সময় মামলা প্রত্যাহারের বিষয়ে লিখিত চুক্তির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা মঙ্গলবারের মধ্যেই তাদের হাতে তুলে দিতে হবে। অন্যথায় তারা আবারও আন্দোলনে ফিরতে বাধ্য হবেন।

এর আগে গত শনিবার (২৫ জুলাই) কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সিজিপি জানিয়েছিল, নিট পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার সম্মত হয়েছে।

পাশাপাশি ভারতজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল সংগঠনটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ