বাসা থেকে সিজেপি নেতা দীপকে আটক, নেহাকেও তুলে নিল পুলিশ
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপকেেকে বাসা থেকে আটক করেছে পুলিশ। দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই দুই নেতার ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। দীপকেকে আটকের আগে তাঁর বাসায় নোটিশ নিয়ে যান কনট প্লেস থানার স্টেশন হাউস অফিসার। নোটিশে বলা হয়, বৈধ অনুমতি ছাড়াই দীপকে প্রকাশ্যে বক্তব্য ও সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।
নেহা বোরাকে তুলে নেওয়ার খবর দিলেও এ বিষয়ে বিস্তারিত জানায়নি এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ শুক্রবার সন্ধ্যা ৬টার পর একটি ভিডিও প্রকাশ করে। এতে নেহাকে আটক করার চেষ্টা করতে দেখা যায় পুলিশকে। পোস্টের ক্যাপশনে বলা হয়, মান্ডি হাউস থেকে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে জোর করে আটকের চেষ্টা করে।
নেহাকে আটকের একটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ছবির ক্যাপশনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।
সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে তিরঙ্গা মার্চ বা জাতীয় পতাকা নিয়ে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি। জমায়েত ঠেকাতে সকালে সেন্ট্রাল পার্ক বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। আশপাশের এলাকায় পুলিশসহ ২৫ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
দুপুরের পর দিল্লি পুলিশের একটি দল অভিজিত দীপকের বাসায় নোটিশ নিয়ে যায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার কারণ দেখিয়ে নোটিশে কনট প্লেসের আশপাশে মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্ধারিত স্থানে বিক্ষোভ করা যাবে বলেও উল্লেখ করা হয়।
পুলিশ দীপকেকে আরও জানায়, কনট প্লেসে বর্তমানে ১৬৩ ধারা জারি রয়েছে। এ আদেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করলে দীপকেকে আটক করে পুলিশ।
শুক্রবার বিকেল পাঁচটার পর এএফপি প্রকাশিত কয়েকটি ছবিতে কনট প্লেসে কয়েকজনকে ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়। বার্তা সংস্থাটি তাঁদের সিজেপির সমর্থক বলে উল্লেখ করেছে।
মতামত দিন