টাইফয়েডে আক্রান্ত সিজেপি নেতা অভিজিৎ দিপকে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তবে অসুস্থতা সত্ত্বেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দিপকে জানান, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করার পর পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং প্রতিদিন শিরায় ওষুধ (আইভি ড্রিপ) নিচ্ছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা জানেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। পরীক্ষার রিপোর্টে আমার টাইফয়েড ধরা পড়েছে। চিকিৎসা চলছে, আমি প্রতিদিন আইভি ড্রিপ নিচ্ছি। তবুও দেশজুড়ে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি গর্বিত এবং বিশ্বাস করেন, শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় সম্ভব হবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সিজেপির আন্দোলন শুরু হয়। তাদের দাবির মধ্যে রয়েছে পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা, নিয়োগ ও ভর্তি পরীক্ষায় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এই আন্দোলনে সমাজকর্মী সোনম ওয়াংচুক-সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সমর্থন জানিয়েছেন। ওয়াংচুক গত ২৮ জুন আন্দোলনে যোগ দিয়ে টানা ২৬ দিন অনশন করেন। পরে কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভঙ্গ করেন।
সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না দেওয়া, সংসদে পরীক্ষা সংস্কার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা এবং প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেওয়া হলেও, সিজেপি জানিয়েছে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাদের আন্দোলন চলবে।
মতামত দিন