পরিষ্কার ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, এ কাজে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর-২ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নগর পরিষ্কার রাখার ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রতি শনিবার স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এসব কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু রাস্তা বা সরকারি জায়গা পরিষ্কার রাখলেই হবে না। প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ব্যক্তিগত পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠলে পুরো নগরীর পরিবেশও ধীরে ধীরে উন্নত হবে।
শফিকুল ইসলাম খান জানান, ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নগর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। ‘ফিক্সড ইট ডিএনসিসি’ ব্যবস্থার মাধ্যমে ময়লা পরিষ্কার ও ব্যবস্থাপনার কার্যক্রম আরও কার্যকর হয়েছে বলে দাবি করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত ঢাকা গড়তে সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করছে। তবে এ উদ্যোগ সফল করতে নাগরিকদেরও নিয়ম মেনে চলা, যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।
মতামত দিন