Views Bangladesh Logo

গোপন সফরে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ রাশিয়ার রাজধানী মস্কোতে গোপন সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। মস্কোর একটি বিমানবন্দরে মার্কিন সামরিক ও কূটনৈতিক উড়োজাহাজ দেখা যাওয়ার পর তার এই সফরের খবর প্রকাশ্যে আসে।

সফরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা র‍্যাটক্লিফের মস্কোতে অবস্থানের বিষয়টি সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। তবে ওয়াশিংটন বা মস্কো—কোনো পক্ষই এখন পর্যন্ত সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। সফরের উদ্দেশ্যও প্রকাশ করা হয়নি। সিআইএও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সফরের বিষয়টি সামনে আসে মস্কোর একটি বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার-৩ পরিবহন উড়োজাহাজ এবং একটি মার্কিন কূটনৈতিক প্রতিনিধিদলের উপস্থিতির ছবি প্রকাশের পর।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ায় এটিই র‍্যাটক্লিফের প্রথম সফর বলে ধারণা করা হচ্ছে।

সফরের বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, র‍্যাটক্লিফের নেতৃত্বে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল মস্কো যাবে—এ বিষয়ে আগে থেকেই ইউক্রেনকে জানানো হয়েছিল। প্রতিনিধিদলটি রাশিয়ায় যাতায়াতের সময় যেন ইউক্রেন কোনো হামলা না চালায়, সে বিষয়েও কিয়েভকে অনুরোধ করা হয় বলে সূত্রটির দাবি।

রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই র‍্যাটক্লিফের এই সফরের খবর সামনে এলো। ওয়াশিংটনে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সম্ভাব্য কর্মকাণ্ড নিয়ে উদ্বেগও বেড়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর সদস্যদের বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপের অনুমোদন দিতে পারেন। এর মধ্যে এমন সামরিক বা ‘হাইব্রিড’ অভিযানও থাকতে পারে, যার মাধ্যমে ন্যাটো জোট ও ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া যাচাই করা হতে পারে।

রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সিআইএর যোগাযোগের পুরোনো চ্যানেল রয়েছে। বন্দিবিনিময় ও সংবেদনশীল আলোচনাতেও সংস্থাটি অতীতে ভূমিকা রেখেছে। গত বছরের এপ্রিলে মার্কিন-রুশ দ্বৈত নাগরিক ক্সেনিয়া কারেলিনার মুক্তির আলোচনায় সিআইএ যুক্ত ছিল এবং র‍্যাটক্লিফ নিজেও আলোচনায় অংশ নিয়েছিলেন।

এর আগে ২০২৪ সালে ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাংবাদিক ইভান গেরশকোভিচ এবং সাবেক মার্কিন মেরিন পল হুইলানের মুক্তির ক্ষেত্রেও সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

র‍্যাটক্লিফের পূর্বসূরি উইলিয়াম বার্নসও ২০২১ সালের নভেম্বরে মস্কো সফর করেছিলেন। সে সময় তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ইউক্রেনে সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ