মমতার গাড়ি লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, কলকাতায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভোট গণনার দিন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণনাকেন্দ্র ঘিরে সংঘর্ষ, বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়।
সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্থাপিত একটি গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালে নতুন করে উত্তেজনা ছড়ায়। এ সময় ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকেরা তার গাড়িকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন। এর জেরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ওই গণনাকেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের ভিড় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
এর আগে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে তৃণমূল সমর্থকদের অবস্থান নিয়ে অভিযোগ তোলে বিজেপি। পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা বাড়ে। এর কিছুক্ষণ পর এজেসি বোস রোড দিয়ে মিছিল নিয়ে সেখানে পৌঁছান বিজেপি সমর্থকেরা। এরপরই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
এক বিক্ষুব্ধ বিজেপি সমর্থক অভিযোগ করে বলেন, অতীতে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং এবার আর তা হতে দেওয়া হবে না।
অন্যদিকে জগদীশচন্দ্র বসু কলেজ এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলেজের ভেতরে তৃণমূল সমর্থকেরা অবস্থান নিলেও বাইরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা যায় বিজেপি কর্মীদের। পরিস্থিতি খারাপ হতে থাকলে অনেক তৃণমূল সমর্থককে সরে যেতে দেখা যায়।
এদিকে বিজেপির একদল নারী কর্মী মিছিল নিয়ে নবান্ন’র সামনে গিয়ে বিক্ষোভ করলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। সম্ভাব্য সহিংসতা এড়াতে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বর্তমানে কলকাতার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে