Views Bangladesh Logo

উত্তরায় হোটেলকক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, সকালে হোটেলটির ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে থাকা আরও তিন চীনা নাগরিক বিষয়টি দেখে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত চীনা নাগরিক গতরাতেই বাংলাদেশে এসে ওই হোটেলে ওঠেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, রাতে ওই ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করেছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ