৩০০ ফিটে স্কুটিকে প্রাইভেট কারের ধাক্কা, নিহত চীনা নাগরিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত চীনা নাগরিক লি চ্যাং ইয়াং (৪৮) মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি নরসিংদীর মাধবদীর বাগানবাড়ি এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জানা গেছে, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠায়।
তিনি জানান, দুর্ঘটনায় ওই নাগরিকের মাথা ও ডান কানে গুরুতর জখম হয়েছিল; তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, মাধবদীর একটি কোম্পানিতে চাকরি করতেন লি চ্যাং ইয়াং। ২৭ মে স্কুটিতে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়; সেখানেই তিনি মারা যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে