Views Bangladesh Logo

৫.৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিমি, চীনা ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্ব রেকর্ড

চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন মাত্র ৫ দশমিক ৩ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। গবেষকদের দাবি, অতি উচ্চগতির পরিবহন প্রযুক্তির উন্নয়নে এই সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চীনের হুবেই প্রদেশের ডংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে ১ দশমিক ১ টন ওজনের ট্রেনটি চালানো হয়। পরীক্ষায় স্থির অবস্থা থেকে মাত্র ৫ দশমিক ৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছায় এটি।

ম্যাগলেভ প্রযুক্তিতে চৌম্বক শক্তির মাধ্যমে ট্রেনকে ট্র্যাকের সামান্য ওপরে ভাসিয়ে রাখা হয়। ফলে ট্রেন ও ট্র্যাকের মধ্যে প্রায় কোনো ঘর্ষণ থাকে না। ট্র্যাকের চারপাশে থাকা কয়েল থেকে তৈরি চৌম্বক তরঙ্গ ট্রেনকে সামনে এগিয়ে নেয়।

শুধু দ্রুতগতিতে পৌঁছানো নয়, ট্রেনটির ব্রেকিং ব্যবস্থাও পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছানোর পর উন্নত ব্রেকিং ব্যবস্থার সাহায্যে প্রায় ২০০ মিটার দূরত্বের মধ্যে ট্রেনটিকে থামানো হয়।

গত ছয় মাসে এটি একই প্রযুক্তির তৃতীয় বড় পরীক্ষা। প্রতিবারই আগের রেকর্ড ছাড়িয়েছে ট্রেনটি। গত বছরের জুনে প্রথম পরীক্ষায় মাত্র ৭ সেকেন্ডে ঘণ্টায় প্রায় ৬৫০ কিলোমিটার গতি তুলেছিল। পরবর্তী পরীক্ষায় প্রায় ৭০০ কিলোমিটার এবং পরে ৭৯৮ কিলোমিটার গতিতে পৌঁছায়। সর্বশেষ পরীক্ষায় সেই সীমা পেরিয়ে ৮০০ কিলোমিটারে পৌঁছেছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষায় উচ্চক্ষমতার বিদ্যুৎ সরবরাহ, তড়িৎচৌম্বকীয় চালনা, উচ্চগতিতে ট্রেনকে ভাসিয়ে রাখার নিয়ন্ত্রণব্যবস্থা এবং জরুরি ব্রেকিং প্রযুক্তিকে কঠোরভাবে পরীক্ষা করা হয়েছে।

বর্তমানে চীন ও জাপানে বাণিজ্যিকভাবে চলাচলকারী ম্যাগলেভ ট্রেনগুলোর গতি ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার। নতুন পরীক্ষায় অর্জিত ৮০০ কিলোমিটার গতির সঙ্গে এর বড় পার্থক্য রয়েছে।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলটির গবেষকেরাও অতি উচ্চগতির ম্যাগলেভ প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাদের এক পরীক্ষায় মাত্র ২ সেকেন্ডে ট্রেনটি ঘণ্টায় ৬৯৭ কিলোমিটার গতিতে পৌঁছেছিল।

তবে ৮০০ কিলোমিটার গতির এই পরীক্ষামূলক ট্রেনকে এখনই যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে না। গবেষকদের ধারণা, এর প্রযুক্তি ভবিষ্যতে রকেট ও যুদ্ধবিমান উৎক্ষেপণের জন্য বিশেষ উচ্চগতির উৎক্ষেপণ ব্যবস্থা তৈরিতেও কাজে লাগতে পারে।

চীনা বিজ্ঞানীরা আরও উন্নত ম্যাগলেভ প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। এর একটি সম্ভাব্য ব্যবস্থায় কম বায়ুচাপ বা প্রায় শূন্যচাপের টিউবের ভেতর দিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এতে বায়ুর বাধা কমিয়ে আরও বেশি গতি অর্জনের সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে মানুষের যাতায়াতে এই প্রযুক্তি ব্যবহারের আগে বড় কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে বিপুল অবকাঠামোগত ব্যয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অত্যন্ত নিখুঁতভাবে দীর্ঘ ট্র্যাক নির্মাণ ও নিয়ন্ত্রণের জটিলতা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ