Views Bangladesh Logo

ইরান সংঘাত বন্ধে সৌদি নেতাদের সঙ্গে চীনা দূতের বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুন। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত বন্ধে বেইজিংয়ের মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর।

সফরকালে ঝাই জুন বলেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন।

এই উদ্যোগের অংশ হিসেবে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং উপপররাষ্ট্রমন্ত্রী জাসেম আল-বুদাইভির সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে ঝাই জুন সৌদি আরবকে চীনের “ভালো বন্ধু ও অংশীদার” হিসেবে উল্লেখ করেন এবং এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে না দিতে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সোমবার প্রিন্স ফয়সালের সঙ্গে বৈঠকে ঝাই জুন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যেও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি।

চীনা দূত আরও বলেন, নিরীহ বেসামরিক মানুষ এবং সামরিক স্থাপনার ওপর হামলার ঘটনায় কঠোরভাবে নিন্দা করা উচিত। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

ঝাই জুন পুনরায় চীনের অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান সংকট সমাধানে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তিনি সব পক্ষকে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ