জাপানের পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত, চীনের কড়া সতর্কবার্তা
জাপানের সম্ভাব্য পারমাণবিক নীতিগত পরিবর্তনের ইঙ্গিতকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলেছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এমন একটি ‘রেড লাইন’, যা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন বলেন, জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক ও বিপজ্জনক। এসব বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জাপানের অবস্থানের অসঙ্গতি ও ভণ্ডামি প্রকাশ করেছে।
সম্প্রতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী দেশটির পারমাণবিক অস্ত্রনীতি নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন। এর মধ্যে রয়েছে জাপানের দীর্ঘদিনের ‘তিনটি অপারমাণবিক নীতি’—পারমাণবিক অস্ত্র ধারণ না করা, উৎপাদন না করা এবং দেশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র প্রবেশের অনুমতি না দেওয়ার নীতি।
চীনের দাবি, এই নীতিগুলো থেকে সরে আসার যেকোনো উদ্যোগ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) অধীন আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থী। এতে বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থা দুর্বল হবে এবং যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও হুমকি তৈরি হতে পারে।
সূত্র: সিএমজি
মতামত দিন