Views Bangladesh Logo

ওয়াশিংটন ও বেজিংয়ের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়: ট্রাম্পকে শি জিনপিং

বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনের রাজধানী বেজিংয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) দেশটির গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত এই বৈঠকে দুই পরাশক্তির বৈরিতার বদলে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন শি জিনপিং।

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ওয়াশিংটন ও বেজিংয়ের উচিত ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হিসেবে কাজ করা। তিনি সতর্ক করে বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই সহযোগিতা থেকে লাভবান হয় এবং সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়।’

শি জিনপিং বলেন, ‘আমাদের একে অপরকে সফল হতে সাহায্য করা উচিত, একত্রে সমৃদ্ধ হওয়া উচিত এবং নতুন যুগে বড় দেশগুলোর মানিয়ে চলার সঠিক পথ খুঁজে বের করা উচিত।’

তিনি আরও যোগ করেন, বড় দেশের নেতা হিসেবে বর্তমান সময়ের ঐতিহাসিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া এবং বিশ্বকে আরও স্থিতিশীলতা প্রদান করা আমাদের উভয়ের দায়িত্ব।

চীনা প্রেসিডেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বেজিং ও ওয়াশিংটনের মধ্যে পার্থক্যের চেয়ে সাধারণ স্বার্থ বেশি। তিনি ২০২৬ সালকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে ‘পারস্পরিক কল্যাণকর’ হিসেবে বর্ণনা করে জানান, ইতোমধ্যেই দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য দলগুলো ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিয়েছে।

উল্লেখ্য, এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে বুধবার (১৩ মে) বেজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার প্রতিনিধিদলে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

এই বৈঠকের এজেন্ডায় দুই দেশের চলমান বাণিজ্য সংঘাত নিরসনের পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাতের পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক নৌ-চলাচল ও জ্বালানি সরবরাহে যে বড় জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে কার্যকর সমীকরণ খুঁজে বের করা।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ