Views Bangladesh Logo

২০২৭ সালে ব্রিকস সম্মেলন হবে চীনে

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী বছর জোটটির সভাপতিত্ব করবে চীন।

শি জিনপিংয়ের ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে উষ্ণ অভিনন্দন জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সম্মেলনের ভিডিওতে দুই নেতার এই সৌহার্দ্যপূর্ণ দৃশ্য দেখা যায়। পরে চীনের দূতাবাস এবং দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াও বিষয়টি নিশ্চিত করে।

তবে আগামী বছরের সম্মেলন চীনের কোন শহরে এবং নির্দিষ্ট কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এবারের ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী সম্মেলনটি আয়োজন করে। এতে ব্রিকসের ১১টি সদস্যদেশের শীর্ষ নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে বিশ্বের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ একটি জোট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী ২০ বছরের জন্য জোটটির একটি নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান।

ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের সম্মেলনে ‘গ্লোবাল সাউথ’ বা বৈশ্বিক দক্ষিণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে তৈরি হওয়া সংকট মোকাবিলায় খাদ্য, জ্বালানি ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা জোরদারে বাস্তবভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে ভারত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ