ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থন
ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সোমবার (২ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।
ওয়াং ই বলেন, বেইজিং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকতে হবে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে হবে।
এছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে পৃথক ফোনালাপে ওয়াং ই আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করবে ফ্রান্স। এছাড়া আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা সমুন্নত রাখতে ভূমিকা রাখবে দেশটি ।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বাদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গেও ফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, এই অঞ্চলের জন্য এখন সবচেয়ে জরুরি অগ্রাধিকার হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাত যেন আরও বিস্তৃত না হয়, তা নিশ্চিত করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে