ইরান যুদ্ধ অবসানে ‘আশার আলো’ দেখছে চীন
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে ‘আশার আলো’ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যদিও ইরান এখনো লড়াই চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছে, তবুও চীনের মতে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হচ্ছে।
সম্প্রতি তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে ওয়াং ই কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষ থেকেই আলোচনায় ফেরার কিছু সংকেত পাওয়া যাচ্ছে।
এর আগে ২৫ মার্চ মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে ওয়াং ই বলেন, দুই পক্ষের আগ্রহের কারণে শান্তির একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে চীনের এই বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনা হয়নি এবং বর্তমান পরিস্থিতিতে আলোচনায় বসা মানে পরাজয় মেনে নেওয়ার মতো।
এদিকে হোয়াইট হাউজ সতর্ক করে বলেছে, ইরান যদি শান্তি পরিকল্পনা গ্রহণ না করে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। যদিও তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা এই মুহূর্তে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়।
অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরান গোপনে আলোচনায় যুক্ত রয়েছে এবং চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে তা প্রকাশ করতে ভয় পাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে