ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের
মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানের জন্য চীন ২ লাখ ডলার জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন শুক্রবার (১৩ মার্চ) এক ব্রিফিংয়ে বলেন, স্কুলে হামলা এবং বেসামরিক মানুষের ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।
চীনের রেড ক্রস সোসাইটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ ডলার সহায়তা দেবে, যা নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহার করা হবে। জিয়াকুন আরও বলেন, চীন মানবিক চেতনায় এই সহায়তা দিয়ে ইরানের জনগণকে সংকট মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানান এবং সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্মানের উপর জোর দেন।
এর আগে ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫০ জন স্কুলছাত্রী নিহত হয়। হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে ১ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।
ইরানের প্রতিক্রিয়ায় ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংঘাতের ফলে আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মার্চের শুরু থেকেই ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও এলএনজি পরিবহনের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ করেছে, যা বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ পরিবহন করে।
সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে