Views Bangladesh Logo

এআই দিয়ে ‘ডিজিটাল মানব’ তৈরি নিষিদ্ধে চীনের নতুন উদ্যোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ‘ডিজিটাল মানব’ তৈরির ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে চীন। দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা Cyberspace Administration of China এ খসড়া বিধিমালা জনমতের জন্য উন্মুক্ত করেছে, যা আগামী ৬ মে পর্যন্ত মতামতের জন্য খোলা থাকবে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সব ধরনের ভার্চুয়াল মানব বা ডিজিটাল হিউম্যান সংক্রান্ত কনটেন্টে স্পষ্টভাবে ‘ডিজিটাল মানব’ লেবেল থাকতে হবে। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য ভার্চুয়াল ঘনিষ্ঠ সম্পর্ক (intimate relationship) তৈরি বা প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া অন্য কারও তথ্য বা পরিচয় অনুমতি ছাড়া ব্যবহার করে ডিজিটাল মানব তৈরি করা যাবে না। একই সঙ্গে পরিচয় যাচাই ব্যবস্থাকে ফাঁকি দিতে ভার্চুয়াল মানব ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে এমন কনটেন্ট, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, বিচ্ছিন্নতাবাদ বা জাতীয় ঐক্য নষ্ট করে এমন বার্তা ছড়াতে ডিজিটাল মানব ব্যবহার করা যাবে না। পাশাপাশি যৌন ইঙ্গিতপূর্ণ, সহিংস, ভয়াবহ বা বৈষম্যমূলক কনটেন্টও নিয়ন্ত্রণের আওতায় আনা হবে।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের আচরণ পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। কেউ আত্মহত্যা বা আত্মক্ষতির ঝুঁকিতে থাকলে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

চীন যখন অর্থনীতির বিভিন্ন খাতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকে এগোচ্ছে, তখনই এসব নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের মতে, ডিজিটাল মানব প্রযুক্তির উন্নয়ন যেন জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে—এটাই এই নীতিমালার মূল লক্ষ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ