Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল আমদানিতে চীন সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্য ও কূটনৈতিক আলোচনার একটি প্রধান অর্জন হিসেবে এই বিষয়টিকে বর্ণনা করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের পর এই সমঝোতা হয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, ‘তারা যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে রাজি হয়েছে।’

তিনি আরও জানান, টেক্সাস, লুইজিয়ানা এবং আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জ্বালানি কেন্দ্র থেকে তেলের এই চালানগুলো সরাসরি চীনে পাঠানো হবে।

মার্কিন প্রেসিডেন্টের মতে, এই ব্যবস্থার ফলে চীনে মার্কিন তেল আমদানির পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি উভয় দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, চীন ইরানের বিষয়ে মার্কিন অবস্থানকে সমর্থন দিতে রাজি হয়েছে এবং তেহরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না।

যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদন সক্ষমতার চিত্র তুলে ধরে ট্রাম্প আরও বলেন, বর্তমানে আমেরিকা সৌদি আরব ও রাশিয়ার সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি তেল ও গ্যাস উৎপাদন করছে।

উল্লেখ্য, বর্তমানে ইরানি অপরিশোধিত তেলের বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে চীন। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য উত্তেজনার জেরে চীনে মার্কিন জ্বালানি রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তবে তেল ক্রয়ের এই চুক্তির বিষয়ে চীনা কর্মকর্তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষ ‘একগুচ্ছ নতুন ঐকমত্যে’ পৌঁছেছে এবং সম্পর্কের ক্ষেত্রে ‘গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা’ বজায় রাখতে সম্মত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ