Views Bangladesh Logo

পল্লবীতে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের পল্লবীতে লামিসা (৮) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে। অভিযুক্ত হিসেবে সন্দেহভাজন তার স্বামী সোহেল রানা পলাতক রয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে পল্লবী মিল্লাত ক্যাম্পের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লামিসা ওই এলাকার বাসিন্দা হান্নানের মেয়ে। হান্নান একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। তারা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই ভবনের পাশের বাসায় সোহেল রানা নামে এক ব্যক্তি বসবাস করতেন। তিনি একটি রিকশা গ্যারেজে কাজ করেন। প্রতিবেশী হওয়ায় লামিসার পরিবারের সঙ্গে সোহেলদের পরিবারের পরিচয় ছিল। সকালে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোহেলদের বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই সোহেল রানা পলাতক রয়েছেন। তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ