শ্যামলীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে ঢাকার শ্যামলী এলাকার একটি হাসপাতালে। এ ঘটনায় চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, শিশুটি গত শুক্রবার (১৫ মে) রাতে বাংলাদেশ শিশু হাসপাতালে মারা যায়।
স্বজনদের অভিযোগ, দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই ৯ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়েছে। তারা জানান, হাম উপসর্গ দেখা দেওয়ার পর তিন দিন আগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে।
হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. আসিফ হান্নান জানান, শিশুটি হাম ও নিউমোনিয়া—দুই রোগেই আক্রান্ত ছিল। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তদন্তে কোনো অবহেলা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে