Views Bangladesh Logo

আমিরাত সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফলাসি।

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে দুদিন আগে আমিরাত যান তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।

উচ্চপর্যায়ের বৈঠক ও পারস্পরিক আলোচনা সামিটে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা আমিরাতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ‘বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার’ অন্যতম। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগের সুযোগ এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ইউএই কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। দেশটির কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের জন্যও আমন্ত্রণ জানান।

আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি বাংলাদেশে একটি বিশেষ শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ