Views Bangladesh Logo

শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ; রোববার উন্মোচন করা হয়েছে নামফলক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।

শিকাগো সিটি কাউন্সিল বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে এই নামকরণের সিদ্ধান্ত নেয় বলে এখানে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

সড়কটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত ১১০ তলাবিশিষ্ট এই আকাশচুম্বী ভবনটি আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি এফ আর খান নামে বিশ্বজুড়ে পরিচিত। নতুন সড়কের নামকরণের মধ্য দিয়ে শিকাগোতে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্বের নাম যুক্ত হলো।

শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সহযোগিতায় এ নামকরণ কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

২২ নভেম্বর নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, শিকাগো সিটি কাউন্সিলের অ্যাল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির আরও কয়েকজন নেতা অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন শাহ মোসাদ্দেক মিন্টু, জসিম উদ্দিন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদি ভূঁইয়া, মাহির শাহ, ফারহাদ আহমেদ, সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মঞ্জুরুল হক।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানায়, উইলিস টাওয়ার দেখতে প্রতিবছর প্রায় ২৫ লাখ পর্যটক এই সড়ক ব্যবহার করেন। এখন সড়কটি খালেদা জিয়ার নামে পরিচিত হবে।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের বিভিন্ন দিক বিবেচনা করে শিকাগো সিটি কাউন্সিল এই নামকরণের সিদ্ধান্ত নেয়। বিবেচ্য বিষয়গুলোর মধ্যে ছিল তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা, একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার অবস্থান এবং পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনে জয়লাভ।

২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর সড়কটির নাম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব উত্থাপন করেন অ্যাল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। পরে শিকাগো সিটি কাউন্সিলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

এর আগে ২০১৪ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শিকাগোর একটি সড়কের নাম রাখা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ