Views Bangladesh Logo

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, পদ হারালেন ছাত্রশক্তির নেতা

 VB  Desk

ভিবি ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেসবুক মেসেঞ্জারে তার আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্ত নেয়।

শুক্রবার (৩১ জুলাই) রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে তাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাশিদ আবরার।

সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্যের পাশাপাশি ধর্ষণসংক্রান্ত কথোপকথন দেখা যায়। এসব স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা বলেন, ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশট সত্য, তবে সেটি এক বছর আগের এবং তার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন।

তিনি দাবি করেন, স্ক্রিনশটটি যে উদ্দেশ্যে ছড়ানো হয়েছে, তার বাস্তবতার সঙ্গে সেটির কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, বিষয়টি তদন্তের জন্য সংগঠন তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সাজিদ আহমেদ মোল্লা নিরাপত্তা চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ