ছাত্রদল-শিবির সংঘর্ষ: ন্যাশনাল মেডিকেলের সামনে ফের উত্তেজনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির নেতা–কর্মীদের সংঘর্ষের জেরে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সেখানে উভয় পক্ষের নেতা–কর্মীরা জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের নেতা–কর্মীদেরও ঘটনাস্থলে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনেও। সংঘর্ষ হয় ঢাকা কলেজেও। সেখানে বিকেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন।
সর্বশেষ ন্যাশনাল মেডিকেলের সামনে আবারও দুই পক্ষের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।
মতামত দিন