Views Bangladesh Logo

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ চলছেই, উত্তপ্ত বকশীবাজার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকালে সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসার সামনের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে সকালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্রশিবির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। সেই ঘটনার জের ধরে বেলা ৩টার দিকে আলিয়া মাদ্রাসার সামনেও দুই পক্ষের মধ্যে প্রথম দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি কিছু সময়ের জন্য শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে বিকেল সোয়া ৫টার দিকে। ছাত্রশিবিরের দাবি, দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা হলে ঢুকে শিবিরের সদস্যদের মারধর করে কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেয়। পরে শিবিরের কর্মীরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। শিবিরের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে শিবিরের নেতা-কর্মীরা আলিয়া মাদ্রাসার কয়েকটি কক্ষ দখলে রেখেছেন এবং সোমবার রাতে বহিরাগতদের হলে আশ্রয় দেন। মঙ্গলবার শিবির ছাত্রদলের একটি কক্ষে তালা লাগিয়ে দিলে পাল্টা প্রতিক্রিয়ায় ছাত্রদলও কয়েকটি কক্ষে তালা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের দাবি, তাদের সঙ্গে যুবদলের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনেও নতুন করে উত্তেজনা দেখা দেয়। সেখানে ছাত্রদল, ছাত্রশিবির এবং স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ