শাহবাগ থানা এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কিও হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে ফেসবুকে ছবি পোস্ট করার ঘটনায় মামলা করতে শাহবাগ থানায় আসে ছাত্রদল। পরে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধিও থানায় আসেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। থানার ভেতরে ডাকসুর আরেক নেতা এবি জুবায়েরও আটকা পড়েছেন বলে অভিযোগ করা হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ এবং জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে