চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে একদফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুই পক্ষ মুখোমুখি হয়। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
পরিস্থিতি সামলাতে কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করে দেয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বিবাদের সূত্রপাত একটি গ্রাফিতিকে কেন্দ্র করে। কলেজের দেয়ালে থাকা একটি গ্রাফিতির নিচে লেখা ছিল— ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেই লেখা থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে সেখানে লিখে দেন ‘গুপ্ত’। ফলে বাক্যটি দাঁড়ায়— ‘গুপ্তরাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকালে দুই পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ বাধে।
কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বলেন, সকালের সংঘর্ষের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।
তবে বিকেল ৪টার দিকে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং কলেজের সামনে পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের অনেকটা নিষ্ক্রিয় দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষে হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে