এইচএসসি পরীক্ষা ইস্যুতে সংলাপের আহ্বান ছাত্রদলের
এইচএসসি পরীক্ষা ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের সমাধানে সংলাপের মাধ্যমে এগোনোর আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মতে, সরকারের পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে এবং সড়ক অবরোধ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে বলেই ছাত্রদল এ বিষয়ে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব, তবে সড়ক অবরোধ কোনো কার্যকর সমাধান নয়।
নাছির উদ্দিন বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলেও উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় শিক্ষার্থীরা দুর্ভোগের মধ্যেই পরীক্ষা দিয়েছেন। এ অবস্থায় সাময়িকভাবে পরীক্ষা স্থগিতের দাবির সঙ্গে ছাত্রদলও একমত বলে জানান তিনি।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের আলোচনা চলছে বলে তারা জেনেছেন। তাই বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ প্রসঙ্গে নাছির উদ্দিন বলেন, এটি একটি কারিগরি বিষয়। শিক্ষার্থীরা চাইলে তাদের প্রতিনিধিদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ব্যবস্থা করতে ছাত্রদল সহযোগিতা করবে।
শিক্ষামন্ত্রীর দায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাবলিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত সরকার এককভাবে নেয় না। শিক্ষা বোর্ড, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সিদ্ধান্তে ভুল বা সীমাবদ্ধতা থাকলে তা আলোচনার মাধ্যমেই পর্যালোচনা করা উচিত।
মতামত দিন