বগুড়ায় এনসিপি নেতাদের ব্যানারে আগুন দিয়ে ছাত্রদলের বিক্ষোভ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে এনসিপির কয়েকজন নেতার ছবিসংবলিত একটি ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপরে টানানো এনসিপির নেতাদের ছবিসংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে আগুন ধরিয়ে দেন।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অভিযোগ করেন, এনসিপির কিছু দায়িত্বশীল ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, এসব বক্তব্য দেশের রাজনৈতিক সম্প্রীতি নষ্টের চেষ্টা এবং বগুড়ার মানুষের অনুভূতিতে আঘাত করেছে। গাজী সালাউদ্দিন তানভীরকে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমানকে নিয়ে করা মন্তব্যের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এনসিপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এর আগে শুক্রবার (৩১ জুলাই) একই ইস্যুতে বগুড়ার সাতমাথা এলাকায় গাজী সালাউদ্দিন তানভীরের ছবিসংবলিত একটি ব্যানারে জুতাপেটা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় তাকে এবং এনসিপির সদস্যসচিব নাসিরুদ্দিন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণার দাবিও তোলা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিতর্কিত মন্তব্যের জেরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মতামত দিন