ফেসবুকে ছড়ানো অপতথ্য তদন্তের অগ্রগতি জানতে উপাচার্য কার্যালয়ে ঢাবি ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল শাখা ছাত্রদল। সেই সময়সীমা শেষে তদন্তের অগ্রগতি জানতে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে দেখা করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের নেতৃত্বে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জ্যেষ্ঠ সহসভাপতি মাসুম বিল্লাহ ও সহসভাপতি আনিসুর রহমান খন্দকারসহ নেতা-কর্মীরা উপাচার্য কার্যালয়ে যান।
সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত বিভিন্ন পেজ থেকে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানো হচ্ছে, যা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে একাডেমিক ও আইনগত ব্যবস্থা নিতে ২৬ এপ্রিল স্মারকলিপি দেওয়া হয়েছিল। উপাচার্য তাদের জানিয়েছেন, অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং একটি তদন্ত কমিটি কাজ করছে। অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন প্রকাশ করা হবে।
সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, 'আমরা ক্যাম্পাসে সুস্থ, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ চাই। প্রশাসন সময় চেয়েছে, আমরা সেই সময় দিতে প্রস্তুত। তবে বিষয়টি অন্যদিকে নেওয়ার সুযোগ যেন না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেছি।'
সম্প্রতি শাহবাগ থানার ভেতরে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে