Views Bangladesh Logo

বিএনপি নেতা হত্যা মামলায় নাম আসায় ছাত্রদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নওশাদ।

তিনি জানান, হত্যা মামলায় জনতার হাতে আটক হেলালের প্রাথমিক জবানবন্দিতে মোকাররম হোসেন খোকার নাম উঠে এসেছে। এছাড়া মামলার তিন আসামি খোকার স্বজনদের বাড়িতে তিন দিন অবস্থান করেছিলেন বলেও স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

রাকিবুল ইসলাম নওশাদ বলেন, অভিযোগ ওঠার পরও খোকা সংগঠনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। বরং তিনি আত্মগোপনে রয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো সংগঠনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

এর আগে রোববার (১৯ জুলাই) জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোকাররম হোসেন খোকাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নওশাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

গত ১৫ জুলাই রাতে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিহত হন।

হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে হেলাল নামে একজনকে আটক করেন। স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোকাররম হোসেন খোকার নাম উল্লেখ করেন। পরে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ