১৪৪ ধারা জারি করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় বেআইনিভাবে ১৪৪ ধারা জারি করে মাইকিং করার অভিযোগে ছাত্রদল নেতা মারুফ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নাটোর জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
মারুফ আলী লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তার ১৪৪ ধারা জারির মাইকিংয়ের পর থেকেই গ্রামের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বন্ধ রয়েছে।
এ ঘটনায় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের যৌথ নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ আলীকে প্রথমে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। পরে তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় দায়িত্বশীল পদে থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফের বিরুদ্ধে সাংগঠনিকভবে ব্যবস্থা নেওয়া হলো। একই সঙ্গে বহিষ্কৃত ছাত্রদল নেতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোনও কাজ মেনে নেবে না ছাত্রদল। ইতিমধ্যে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১৪৪ ধারা জারি করে ছাত্রদল নেতা মাইকিং করেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। ফলে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
মতামত দিন