ভুয়া সোশ্যাল মিডিয়া পেজ পরিচালনা
সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুয়া সোশ্যাল মিডিয়া পেজ পরিচালনার অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তারা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেয়।।
অভিযোগে বলা হয়, ‘ডিইউ আনসেন্সরড’ এবং ‘ডিইউ অবজারভার’সহ বেশ কিছু ফেসবুক পেজ একটি সমন্বিত চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। গত দেড় বছর ধরে এসব পেজ থেকে ছাত্ররাজনীতি এবং বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য, বিতর্কিত ফটোকার্ড ও ভিডিও প্রচার করা হচ্ছে।
লিখিত অভিযোগ জমা দেওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সাংবাদিকদের বলেন, আমরা সুনির্দিষ্টভাবে যে কয়েকজনের নামে অভিযোগ পেয়েছি, তাদের নাম উপাচার্যের কাছে দিয়েছি। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের অভিযোগ খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ৫ আগস্টের পর আমাদের নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ প্রচারণা চালানো হয়েছে। এটি প্রথম শুরু হয়েছিল, 'জিরো পারসেন্ট কন্ট্রিবিউশন, হান্ড্রেড পারসেন্ট সেলিব্রেশন' এ বক্তব্য দিয়ে। কিন্তু আমরা দেখলাম, ফ্যাসিবাদী সরকারের দীর্ঘায়িত করতে তারাই ক্যাম্পাসে ক্যাম্পাসে সহযোগী হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, এই পেজগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে ছাত্রনেতাদের, বিশেষ করে নারী কর্মীদের লক্ষ্য করে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের সমন্বিত অপতথ্য প্রচারের ফলে ক্যাম্পাসে অস্থিরতা ও উত্তেজনা তৈরি হচ্ছে।

মতামত দিন