শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের সহকারী মোহাম্মদ শামসুদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরে ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াত মুনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নিয়ে থানায় আনে। তাঁর বিরুদ্ধে কোন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে আটকের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াত মুনকে ঘিরে ধরে নানা বিষয়ে প্রশ্ন করছেন। এক পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক পরিকল্পনা সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানান, বর্তমানে তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, জিজ্ঞাসাবাদের সময় এক ছাত্রদলকর্মী তাঁকে থাপ্পড় মারেন। সরকারি কর্মকর্তা হয়ে আর কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন কি না, এমন প্রশ্নে তিনি এ ধরনের কাজে আর যুক্ত হবেন না বলে জানান। পরে তাঁকে কান ধরতে বলা হলে তিনি কান ধরেন।
এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে কোন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন