এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলসহ তিন সংগঠনের
দেশজুড়ে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সোমবার পৃথক বিবৃতি ও কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলো এ দাবি জানায়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ বিবৃতিতে বলা হয়, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় দেশের বিভিন্ন এলাকায় লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। এতে পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হয়েছে, পাশাপাশি নিরাপত্তাঝুঁকি, মানসিক চাপ ও যাতায়াত সংকট তৈরি হয়েছে। সংগঠনটির দাবি, সাত জেলায় বন্যায় ২ লাখ ৬৭ হাজারের বেশি পরিবার পানিবন্দী এবং ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে এবং বহু শিক্ষার্থীর বই-খাতা ও শিক্ষাসামগ্রী নষ্ট হয়েছে। এ পরিস্থিতিতে পরীক্ষা নিলে মেধার সুষ্ঠু মূল্যায়ন সম্ভব হবে না বলে উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণার আহ্বান জানায় ছাত্রদল। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ছাত্রশক্তিও চলমান দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক ও পরীক্ষাকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য এ অবস্থায় পরীক্ষা নেওয়া অমানবিক এবং এতে মেধা মূল্যায়নে বৈষম্য তৈরি হবে বলে দাবি করে সংগঠনটি। তারা অবিলম্বে এইচএসসি পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনও চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও প্রকৃতিকে উপেক্ষা করার ফলে দুর্যোগের প্রভাব বেড়েছে। তারা বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা স্থগিতের আহ্বান জানান।
মতামত দিন