বুকে ব্যথা মানেই হৃদ্রোগ নয়, ফুসফুস বা পেটের সমস্যাও হতে পারে
বুকে ব্যথা হলেই যে হৃদ্রোগ, বিষয়টি সবসময় তা নয় বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। হার্টের সমস্যার পাশাপাশি ফুসফুস, পাকস্থলীসহ বিভিন্ন অঙ্গের সমস্যাতেও বুকে ব্যথা হতে পারে। ব্যথার ধরন, অবস্থান ও সঙ্গে থাকা অন্যান্য উপসর্গ দেখে সম্ভাব্য কারণ বোঝা যায়।
বিভিন্ন চিকিৎসা বিশ্লেষণে বলা হয়, অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অনেক সময় গলার কাছে কিছু দলা পাকিয়ে থাকার অনুভূতি হয় এবং বুকে জ্বালাপোড়া ও ব্যথা দেখা দেয়। বিশেষ করে ভারী খাবার খাওয়ার পর বা শোয়ার সময় এ ধরনের সমস্যা বাড়তে পারে। এটিকে সাধারণত ‘জিইআরডি’ বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হিসেবে চিহ্নিত করা হয়।
ফুসফুসের সমস্যার ক্ষেত্রেও বুকে ব্যথা হতে পারে। শ্বাস নেওয়ার সময় বা কাশি দিলে যদি বুকের এক পাশে তীব্র বা চিনচিনে ব্যথা অনুভূত হয়, তবে তা ফুসফুসজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে। নিউমোনিয়া হলে বুকে স্থায়ী ব্যথার পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। আবার ফুসফুসে রক্ত জমাট বাঁধার (পালমোনারি এমবলিজম) ক্ষেত্রেও তীব্র বুকে ব্যথা হতে পারে, যা অনেক সময় হার্ট অ্যাটাকের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করে।
অন্যদিকে হৃদ্রোগজনিত বুকে ব্যথার ধরন তুলনামূলকভাবে ভিন্ন হয়। সাধারণত বুকের মাঝখানে চাপ বা ভারী ব্যথা অনুভূত হয়, যা ধীরে ধীরে গলা, চোয়াল, কাঁধ বা বাম হাতে ছড়িয়ে পড়তে পারে। সঙ্গে ঘাম, শ্বাসকষ্ট ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকরা বলছেন, বুকে ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়। ব্যথার ধরন ও অন্যান্য উপসর্গ বুঝে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে