Views Bangladesh Logo

ভারতে চন্দিপুরা ভাইরাসে ২২ শিশুর মৃত্যু, গুজরাট-রাজস্থানে বিশেষ দল মোতায়েন

মস্তিষ্কে প্রদাহ সৃষ্টিকারী চন্দিপুরা ভাইরাসের সংক্রমণে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট ও রাজস্থানে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ন্যাশনাল রেসপন্স টিম (এনআরটি) মোতায়েন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

বুধবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এনআরটি স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে কাজ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চন্দিপুরা ভাইরাস সাধারণত বর্ষাকালে বালুমাছি, মশা ও অন্যান্য বাহক পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস সৃষ্টি করতে পারে, যা দ্রুত গুরুতর ও প্রাণঘাতী রূপ নিতে পারে।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গুজরাট। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, এ পর্যন্ত ১৮৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে গত মাসে রাজস্থানেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ, মশা ও অন্যান্য বাহক পোকামাকড় দমন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের জ্বর, খিঁচুনি, অস্বাভাবিক আচরণ বা স্নায়বিক জটিলতার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এতে জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ