পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে: ভারতীয় সেনাবাহিনী
পেহেলেগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে কয়েক দিনের সীমান্তে গোলাগুলি ও উত্তেজনার পর ভারত-পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর থেকে দুই দেশের সেনা কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এবং চুক্তির শর্ত মেনে চলছেন।
শুরুর দিকে ধারণা করা হচ্ছিল, এই যুদ্ধবিরতির মেয়াদ রোববার (১৮ মে) শেষ হবে। তবে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে, এই চুক্তির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং এটি এখনো কার্যকর রয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)’র বরাতে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘যারা মনে করছেন এই যুদ্ধবিরতি সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে বলি—ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ের আলোচনায় যে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।
ওই কর্মকর্তা আরও জানান, রোববার কোনো ডিজিএমও পর্যায়ের নতুন আলোচনা নির্ধারিত ছিল না।
১২ মে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যা এর আগের কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তির পর থেকে সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে এবং দুই দেশ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে উত্তেজনা কমানোর উদ্যোগ নিচ্ছে। যদিও শুরুর দিকে দু’দেশই যুদ্ধ বিরতি ভাঙ্গার একে অপরের উপর অভিযোগ তোলে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে