Views Bangladesh Logo

ঢাকায় চালু হচ্ছে সিসি ক্যামেরা নেটওয়ার্ক, মনিটরিং হবে পুরো শহর

নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নয়টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা নজরদারিতে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

উদ্বোধন করা সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে এআই-ভিত্তিক রোড ট্রান্সপোর্ট আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, অনলাইন ট্রেনিং সিস্টেম, আবাসন বরাদ্দ ব্যবস্থা, ছুটি ব্যবস্থাপনা, ট্রাফিক ডিউটি বিতরণ, কর্মী মূল্যায়ন সফটওয়্যার এবং ট্রাফিক নিউজ আর্কাইভ।

অনুষ্ঠানে আইজিপি বলেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। অপরাধীরা নতুন কৌশল ব্যবহার করছে, তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, এআই-ভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ট্রাফিক ব্যবস্থাপনায় জনবল সংকট মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। ঢাকা সিটি করপোরেশন ও ডিএমপির যৌথ উদ্যোগে ২৫টি মোড়ে সিগন্যাল ও ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। হোটেলে অবস্থানরত অতিথিদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম ও নিরাপত্তা নজরদারি জোরদার করা হবে।

ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার জানান, ঢাকায় ভাড়াটিয়াদের তথ্যও ডিজিটালাইজ করা হবে এবং ১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা নজরদারিতে আনা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ