Views Bangladesh Logo

৩০০ টাকা ঘুষ নিয়ে ধরা, চাকরি গেল ইসি কর্মকর্তার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ৩০০ টাকা ঘুষ গ্রহণ এবং সেই তথ্য গোপন করতে সাংবাদিককে ২৯ হাজার টাকা ঘুষ দেওয়ার পরেও শেষ রক্ষা হলো না। এমন কাণ্ডের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই শাস্তির কথা জানানো হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, শুধাংশু কুমার সাহা যখন কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন, তখন এক সেবাগ্রহীতার এনআইডি সংশোধনের বিনিময়ে ৩০০ টাকা অবৈধভাবে গ্রহণ করেন।

ওই সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা তার এই ঘুষ গ্রহণের দৃশ্য ভিডিও ধারণ করেন। নিজের অপরাধ ঢাকতে এবং ভিডিওটি যাতে সংবাদমাধ্যমে প্রকাশিত না হয়, সেজন্য ওই কর্মকর্তাসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা ‘উৎকোচ’ বা ঘুষ হিসেবে প্রদান করেন। এই অনৈতিক ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা (নম্বর-০৪/২০২৫) দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আইডিইএ ২য় পর্যায় প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম। তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার জবাব সন্তোষজনক ছিল না। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমোদনের পর তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী ‘চাকুরি হইতে অপসারণ’ নামক গুরুদণ্ড প্রদান করা হয়।

অপসারণের আগপর্যন্ত তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় রংপুরে সংযুক্ত ছিলেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ গত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ