Views Bangladesh Logo

আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে ক্যাসিয়াস বললেন, ‘চতুর্থ তারকা পাবে না’

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নাটকীয়ভাবে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মন্তব্য করে আলোচনায় চলে আসেন স্পেনের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশলের কড়া সমালোচনা করার পাশাপাশি আর্জেন্টিনাকেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি—‘চতুর্থ তারকা পাবে না।’

বুধবার রাতের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর দলটির রক্ষণাত্মক মনোভাবের কড়া সমালোচনা করে এক্সে (সাবেক টুইটার) ক্যাসিয়াস লেখেন, ইংল্যান্ড গোল করেই পিছিয়ে গেছে—এটা ভীরু এক কৌশল। নিজেদের বক্স থেকে বেরই হয়নি তারা, ফলে আর্জেন্টিনা আরও বেশি আক্রমণে ওঠার সুযোগ পেয়েছে। তাঁর ভাষায়, যা ঘটেছে সেটাই স্বাভাবিক পরিণতি।

ম্যাচ শেষ হওয়ার পরও ইংল্যান্ডের খেলা নিয়ে হতাশা লুকাননি ২০১০ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। নিজেদের রক্ষণাত্মক কৌশলের কারণেই ইংল্যান্ড ম্যাচটি হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি, আর যোগ করেন যে দীর্ঘ একটা সময় ধরে তারা আর্জেন্টিনাকে খেলার নিয়ন্ত্রণ নিতে দিয়েছে, যা তাঁর ভাষায় কখনোই হওয়া উচিত ছিল না। স্পেন-আর্জেন্টিনা ফাইনালকে তিনি বর্ণনা করেন দুর্দান্ত এক লড়াই হিসেবে।

এরপরই আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে আরও একটি খোঁচা দেন ক্যাসিয়াস। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দেওয়ার প্রত্যয় জানিয়ে তিনি লেখেন, আর্জেন্টিনা এবার চতুর্থ তারকা পাবে না। পরের একটি পোস্টে স্পেনের প্রতি সমর্থন জানিয়ে তিনি লেখেন, চতুর্থ তারকা নয়, বরং তাদের লড়াই এবার নিজেদের দ্বিতীয় শিরোপার জন্য—চলো স্পেন।

রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক খেলোয়াড়ি জীবনে বহুবার এল ক্লাসিকোতে লিওনেল মেসির মুখোমুখি হয়েছেন। এবার ফাইনালেও মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে থামানোর প্রত্যাশা করছেন তিনি।

সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ দিকে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার গোলে সমতা ফেরার পর যোগ করা সময়ে মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্তিনেজের হেডে নাটকীয় জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্পেনকে হারাতে পারলে ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ থাকছে তাদের সামনে। নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য এই ফাইনাল হবে আগামী ১৯ জুলাই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ