Views Bangladesh Logo

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে মামলা দায়ের

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির সুনির্দিষ্ট ধারা অনুযায়ী দায়ের করা ওই মামলায় চিকিৎসায় চরম অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৭ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের ‘ডিএমপি’ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ‘ডিসি’ শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের এই মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে মৃত্যুবরণ করা ছয়টি শিশুর মধ্যে একজন ভুক্তভোগী নবজাতকের পরিবারের তরফ থেকে থানায় এই লিখিত এজাহারটি দায়ের করা হয়, যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, মামলার আইনি প্রক্রিয়া শুরুর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিহত সব নবজাতকের মরদেহ সুরতহাল শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুদের পরিবারগুলো এই ছোট শিশুদের মরদেহ ময়নাতদন্ত করাতে রাজি হননি এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতেই মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনার পর থেকেই মৃত শিশুদের স্বজন ও অভিভাবকেরা অভিযোগ করে আসছিলেন, ওই বিশেষ ওয়ার্ডে হাসপাতালের চরম অব্যবস্থাপনা এবং দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে দমবন্ধ হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ