Views Bangladesh Logo

উত্তরার শপিং কমপ্লেক্সে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৭০০

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় শনিবার (১৫ মার্চ) রাত থেকে রোববার দিবাগত পর্যন্ত উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা করেছে। এতে অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শপিং কমপ্লেক্স ঘিরে ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এক রিকশাচালককে মারধর করে শপিংমলের ভিতরে বেঁধে রাখার খবরটি গুজব। তবে হামলা ও সংঘর্ষে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের বর্ণনা অনুযায়ী, ঘটনা শুরু হয় মার্কেটের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা ও মারামারি থেকে। এরপর একাধিক রিকশা ও অটোরিকশাচালক সেখানে গিয়ে হট্টগোল শুরু করেন। স্থানীয়দের সঙ্গে যোগ দিয়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব যে রিকশাচালককে মারধর করে শপিংমলে বেঁধে রাখা হয়েছে।

দফায় দফায় সংঘর্ষে আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে শপিং কমপ্লেক্স বন্ধ রয়েছে এবং ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। তবে ঈদের আগে এই ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন ও আতঙ্কিত রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ