Views Bangladesh Logo

রাত ২টার মধ্যেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজধানীতে ঈদুল আজহার দিনে সৃষ্ট সব কোরবানির বর্জ্য রাত ২টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নগরীকে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে জোরদার কার্যক্রমের অংশ হিসেবে এ ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর মিরপুর-১২ এলাকার ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য সরানোর লক্ষ্য নিয়ে দুপুরের পর থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ব্যাপক পরিসরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নির্ধারিত সময়সীমার আগেই বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, এই কার্যক্রমে রাজধানীজুড়ে প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। পাশাপাশি নিরবচ্ছিন্নভাবে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে ৭৫২টি যানবাহন।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান নগরবাসীকে সিটি করপোরেশনের নির্দেশনা মেনে চলা এবং বর্জ্য অপসারণে সহযোগিতা করার আহ্বান জানান।

কর্তৃপক্ষ বলছে, ঈদুল আজহায় পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং সম্ভাব্য জনস্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ