Views Bangladesh Logo

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস লিখতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রথমবার বিশ্বকাপে খেলেই ইতিহাস গড়ে ফেলেছে আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এবার শেষ বত্রিশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে আরও এক অবিশ্বাস্য অধ্যায় লেখার স্বপ্ন দেখছেন দেশটির প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। লিওনেল মেসির দলকে ১-০ গোলে হারানো সম্ভব বলে দাবি করেছেন তিনি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী ৩ জুলাই মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিন ম্যাচেই ড্র করে অপরাজিত থেকে নকআউটে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে—যেখানে তাদের রক্ষণ-নির্ভর কৌশলই মূল শক্তি। অন্যদিকে, গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে নকআউটে উঠেছে আর্জেন্টিনা, যেখানে অধিনায়ক মেসিই দলের সবচেয়ে বড় ভরসা।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস স্পষ্ট জানিয়ে দেন, প্রতিপক্ষ যত বড়ই হোক, জয়ের ক্ষুধা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। তার ভাষায়, ছোট দেশ হয়েও সবসময় বিশ্বকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত কেপ ভার্দের। এমনকি এই ম্যাচে জয়ের সম্ভাবনা নিজেদের শতভাগ বলেও দাবি করেন তিনি।

কাগজে-কলমে অবশ্যই আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট—বিভিন্ন বেটিং সাইটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে প্রায় ৮৫ শতাংশের বেশি। তবে পরিসংখ্যান যা-ই বলুক, নিজেদের ভাগ্যকে নিজেরাই লিখতে চান নেভেস। তার ভাষায়, বিশ্বকাপে আসার লক্ষ্যই ছিল নিজেদের নিয়তি নিজে গড়া, আর সেই নিয়তিই আমাদের দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।

মেসি-লাউতারোদের বিপক্ষে একই দৃঢ়তা আর জয়ের ক্ষুধা নিয়েই মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যেখানে লক্ষ্য একটাই—পরের পর্বে ওঠা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ