Views Bangladesh Logo

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ফোগো দ্বীপের ‘চা দাস কালদেইরাস’ গ্রামে একটি বার্ষিক শিক্ষাসফর শেষে ৩২ জন যাত্রী নিয়ে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ফোগো দ্বীপের সিভিল ডিফেন্স প্রধান হোসে কানুতো এই দুর্ঘটনার সত্যতা ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় বহু শিশু গুরুতর আহত হয়েছে। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। স্থানীয় শিক্ষার্থীদের জন্য নিজ খরচে এই বার্ষিক শিক্ষাসফরের আয়োজন করে আসছিলেন ওই চালক, যা তিনি বেশ কয়েক বছর ধরে ঐতিহ্য হিসেবে বজায় রেখেছিলেন।

দুর্ঘটনাকবলিত বাসটি দুর্গম ও পাথুরের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। খাদের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সারারাত অভিযান চালান উদ্ধারকর্মীরা।

স্থানীয় সম্প্রচারমাধ্যম আরসিভির প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজনকে রবিবার ভোরে দাফন করা হয়েছে এবং বাকিদের শেষকৃত্য দিনের শেষের দিকে সম্পন্ন করার কথা রয়েছে।

উল্লেখ্য, কেপ ভার্দেতে সাধারণত উন্নত সড়ক ব্যবস্থা এবং যানবাহন রক্ষণাবেক্ষণের মান ভালো থাকায় এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা বেশ বিরল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ