পদত্যাগের ঘোষণা দিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৬ জানুয়ারি) তিনি এই ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে কানাডার সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল।
নাম প্রকাশে অনিচ্ছুক তিন ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ট্রুডো কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে বুধবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী।
তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দ্য গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পদত্যাগের ঘোষণা দিলে ট্রুডো তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়বেন নাকি নতুন নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন, তা নিশ্চিত নয়।
২০১৩ সালে গভীর সংকটে থাকা লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন ট্রুডো। তার নেতৃত্বে দলটি পুনরুদ্ধার পায়। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার শঙ্কায় রয়েছে লিবারেলরা।
এমন পরিস্থিতিতে ট্রুডোর পদত্যাগে কানাডায় দ্রুত নতুন নির্বাচনের দাবি জোরালো হতে পারে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, লিবারেল পার্টির অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে অর্থমন্ত্রী ডোমিনিক লেব্লাংক আগ্রহী কিনা সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করেছেন ট্রুডো। তবে লেব্লাংক নিজে নির্বাচনী দৌড়ে নামলে এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে