অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্তবর্তী সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। শনিবার (২৬ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছিয়া কেও বলেছেন, তার দেশ ‘নিঃশর্তভাবে’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। নমপেন এই ‘বিরোধের শান্তিপূর্ণ সমাধান’ চায় বলেও জানান তিনি। তবে থাইল্যান্ড এখনো কম্বোডিয়ার এই প্রস্তাবে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
শুক্রবার (২৫ জুলাই) থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, তারা এই সংঘাতের দ্বিপাক্ষিক সমাধান চায়।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি না আমাদের এখনো তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন আছে।’
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ জন নিহত এবং অন্তত ১৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে প্রায় এক লাখ বেসামরিক মানুষ পালিয়ে গেছে। কম্বোডিয়াও সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সহকারী মুখপাত্রও একই আহ্বান জানান। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সংযমী হওয়ার এবং শান্তিপূর্ণ পথে ফিরে আসার পরামর্শ দিয়েছে চীনও।
এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের অনুরোধ করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি স্থাপন বিভাগ পরিস্থিতির হালনাগাদ তথ্য উপস্থাপন করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে