বিএনপিকে ফ্যাসিবাদী বলা রাজনৈতিক অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল
বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে যারা আখ্যায়িত করেন, তাদের রাজনৈতিক জ্ঞান ও ইতিহাস সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সাম্প্রতিক সময়ে যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দিচ্ছেন, তাদের রাজনৈতিক জ্ঞান ও ইতিহাস সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দলটি গণতান্ত্রিক কি না, সে বিষয়ে মূল্যায়ন করবেন তাদের নিজেদের নেতারাই। এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেবে।
অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন